২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সালাহউদ্দিন কারাগারে

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে হত্যাসহ ৮ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:20 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

রোববার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া, রেজাউল করিম ও মো. তসরুজ্জামানের আদালতে এসব মামলার শুনানি হয়।

পরে তিন বিচারকই বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে তিনটি যাত্রাবাড়ী, দুটি রমনা থানার। এছাড়া ডেমরা, শ্যামপুর ও শাহবাগ থানার একটি করে মামলা রয়েছে।

বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক।

এসব মামলায় সালাহউদ্দিন আহমেদ গত ৮ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার  আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের কাজে বাধা, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় এসব মামলা  করা হয়েছিল।

এসব মামলার মধ্যে রাজধানীর বাংলামোটরে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলাও রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।