২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাডার দুর্নীতি: নিজেকে নির্দোষ দাবি করলেন এরশাদ

বিমানের রাডার কেনার দুর্নীতি মামলায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আবদুর রশিদের আদালতে হাজির হয়ে এই মামলায় ন্যায়বিচার চেয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক।

দুই যুগ আগের করা এই মামলায় গত ২৪ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ হয়। ওই দিনই বিচারক আসামিদের বক্তব্য শোনার দিক ঠিক করেন।

বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আত্মপক্ষ সমর্থন করে একটি লিখিত বক্তব্যও দাখিল করেন আদালতে।

এরশাদসহ তিন আসামিই বিচারককে জানিয়েছেন, তারা কোনো সাফাই সাক্ষ্য দেবেন না। অন্য দুই আসামি হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান মমতাজউদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ।

এই দুজনও বিচারকের কাছে নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। তবে তারা কোনো লিখিত বক্তব্য দেননি।

তিনজনের বক্তব্য শোনার পর বিচারক আগামী ২৯ মে এই মামলায় যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৯৯২ সালের ৪ মে বিমানের রাডার কেনায় দুর্নীতির এই মামলার আসামি হন। দুর্নীতি দমন ব্যুরো এই মামলাটি দায়েরের দুই বছর পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা হয়।

অভিযোগপত্রে বলা হয়, রাষ্ট্রপতি থাকাকালে এরশাদসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করে।

মামলাটির অন্য আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক।

১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল।

এরপর সাক্ষ্যগ্রহণে বাধা না থাকলেও মামলা এগোয়নি। মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আলী হায়দারকেও আদালতে হাজির হতে হয়নি। ইতোমধ্যে ব্যুরো বিলুপ্ত হয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।

২০১০ সালের ১৯ আগস্ট বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২০১২ সালের ১ মার্চ তা শেষ হয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যামামলাও বিচারাধীন। রায়ের দিন ঠিক হওয়ার পর রাষ্ট্রপক্ষের আবেদনে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।

পুরনো খবর:

মঞ্জুর হত্যামামলা: প্রতিবেদন দাখিলের সময় বেড়েছে