খালেদার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীনের পিপলস কংগ্রেসের একটি সংসদীয় দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে পৌনে এক ঘণ্টার এই বৈঠক হয়।
ন্যাশনাল পিপলস কংগ্রেসের ১২ সদস্যের এই সংসদীয় দলের নেতৃত্ব দেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মে ইয়ান জুংকি।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত লি জুনও সেখানে ছিলেন।
বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসন বিসিআইএম ইকোনমিক করিডোর গঠনের চীনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।”
চীনের প্রতিনিধি দল খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি।
