২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছাড় পাবে না’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গুম ও খুনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যায় র‌্যাব সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠার পরদিন তিনি একথা বললেন।

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, নারায়ণগঞ্জে অপহরণ এবং সাত খুনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

“যারাই ঘটনার সাথে জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি খুন-গুমের ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।”

সোমবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায়  গুম ও খুনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জানান তিনি।

সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওই আলোচনা সভা হয়।

বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি হত্যা ও গুমের রাজনীতি করছে বলে অভিযোগ করেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদের।

“গত এক বছর ধরে বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরে কোনো ফয়দা লুটতে পারেনি। তাই তারা এখন খুন-গুমের রাজনীতি শুরু করেছে। তারা আসলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনায় বসার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনা হতে পারে তবে তার আগে ১৯ দলীয় জোটকে নৈরাজ্য বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। বেগম জিয়াকে ১৫ অগাস্ট মিথ্যা জন্মদিন পালন করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

বিএনপির অনশন কর্মসূচির প্রতি ‘কটাক্ষ’ আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, ওই দিন প্রেসক্লাবের আশপাশের খাবার দোকানগুলোতে ভালো বিক্রি হয়েছে।

“বিএনপি নেতারা অনশন পালন করেছেন। আর খালেদা জিয়া খাওয়া-দাওয়া সেরে বিকেল সাড়ে ৪ টায় তাদের অনশন ভাঙাতে এসেছেন,” বলেন তিনি।

মে দিবসের জনসভায় খালেদা জিয়ার সাংগঠনিক রেড অ্যালার্ট জারি করার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “আপনার দলের লাল বাতি অনেক আগেই জ্বলে গেছে। এখন আর রেড এলার্ট আর গ্রিন এলার্ট জারি করে আপনার দল ও জোটকে রক্ষা করতে পারবেন না।”

এরশাদকে খুনি বলায় খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “যখন এরশাদের কাছ থেকে সম্পত্তি নেন তখন সে প্রিয় দেবর হয়। আজ আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সে আপনার স্বামীর হত্যাকারী হয়ে গেল?”