দুই মামলায় ফখরুলদের অভিযোগ গঠনের শুনানি পেছালো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ভাংচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৯ দলীয় জোটের ১৯৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
বুধবার ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম হারুন অর রশীদ ও তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া আগামী ১০ জুন এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন রাখেন।
মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান কারাগারে থাকায় শুনানি পিছিয়ে দেয়া হয়েছে বলে জানান তাদের আইনজীবী মোসলেহউদ্দিন জসীম।
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার শুরু থেকেই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলসহ দলটির কয়েক নেতা পলাতক রয়েছেন।
এ মামলায় মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে গত বছরের ১০ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
এদিকে পুরানা পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ভংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ নেতাকর্মী।
এ মামলার অন্য আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদ হোসেন, জাগপা প্রধান শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ রয়েছেন।
গত বছরের ১১ মার্চ বিকেলে নয়া পল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযান চালিয়ে ১৫৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও ১৯ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
