ওয়ার্কার্স পার্টির নতুন সম্পাদক বাদশা
ওয়ার্কার্স পার্টিতে সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে নতুন সাধারণ সম্পাদক হয়ে এসেছেন ফজলে হোসেন বাদশা।
সরকারের শরিক দলটির নবম কংগ্রেসে ৭৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। কংগ্রেসের শেষ দিন রোববার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার পর পুনঃনির্বাচিত সভাপতি মেনন বলেন, “নতুন এই কমিটি স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”
প্রথমবারের মতো কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া বাদশা উগ্র সাম্প্রদায়িতা ও জঙ্গিবাদের থাবা থেকে বাংলাদেশকে রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দেয়ার ঘোষণা দেন।
গত শতকের ‘৮০ এর দশকের স্বৈরাচারবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্ব দেয়া বাদশা বর্তমানে রাজশাহী-১ (সদর) আসনের সংসদ সদস্য। এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মেনন এ নিয়ে টানা তৃতীয়বার ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্বাচিত হলেন।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক পলিটব্যুরোতে থাকছেন। পলিটব্যুরোতে আরো রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, নুরুল হাসান, হাফিজুর রহমান ভুইয়া, শফিউদ্দিন আহমেদ, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, মনোজ সাহা, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, হাজেরা সুলতানা, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ ও মুস্তফা লুৎফুল্লাহ।
কেন্দ্রীয় কমিটি গঠনের পাশাপাশি অনীল বিশ্বাসকে চেয়াম্যান করে কন্ট্রোল কমিশন গঠন করা হয়েছে। বিশ্বজিৎ বাড়ৈ ও আব্দুল হক এই কমিশনের সদস্য থাকছেন।
গত ২৪ এপ্রিল রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির চারদিনব্যাপী কংগ্রেস শুরু হয়। এতে সারাদেশ থেকে দলের ৬ শতাধিক প্রতিনিধি-পর্যবেক্ষক অংশ নেন। এছাড়া ভারত, নেপাল, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির নেতারা এতে অংশ নেন।
