মাগুরায় বিএনপিকর্মী খুন, হিন্দু বাড়িঘরে লুটপাট
মাগুরা সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের হাট মালঞ্চি গ্রামে এ ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের ১০টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বিএনপি সমর্থকরা।
এ ঘটনায় নিহত ওমর আলী (৪৫) ওই ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য বলে জেলা বিএনপি সভাপতি কবির মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম হত্যা ও হিন্দু বাড়িঘরে হামলার কথা নিশ্চিত করেছেন।
মাগুড়ার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সুপার জিহাদুল কবিরসহ একাধিক পুলিশ কর্মকর্তা সেখানে গেছেন।
“সহিংসতা এড়াতে সেখানে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।”
স্থানীয় জালাল বিশ্বাস জানান, সংসদ নির্বাচনের সময় থেকেই রাঘবদাইড় ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য তুজাম উদ্দিন ও নায়েব আলী গ্রুপ এবং একই ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও ওয়ার্ড সভাপতি রসুল বিশ্বাস গ্রুপের বিরোধ চলে আসছিল।
শুক্রবার দুপুরে ওবায়দুর ও রসুল গ্রুপের সমর্থকরা তুজাম ও নায়েব গ্রুপের সমর্থক ওমর আলীকে হাট মালঞ্চি বাজারে একা পেয়ে হামলা করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি মাঠে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে হাট মালঞ্চির ধীরেন্দ্রনাথ বিশ্বাস জানান, ঘটনার পরপরই তুজাম, রসুল মিয়া ও তার লোকজন তাদের ১০টি হিন্দু বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে।
