শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলের জামিন
দুটি মামলায় আবেদন জানিয়ে শাহবাগে গাড়ি পোড়ানোরটিতে জামিন পেলেও অন্যটিতে পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক একটি মামলায় ফখরুলকে জামিনের আদেশ দিয়ে অন্যটিতে আবেদন নাকচ করেন।
নির্বাচন ঠেকাতে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে গত বছরের ২৮ নভেম্বর শাহবাগে বাসে ছোড়া পেট্রোলবোমায় চারজন নিহত এবং কয়েকজন অগ্নিদগ্ধ হন।
ফাইল ছবি
ওই ঘটনায় করা হত্যামামলায় পেট্রোল বোমা ছোড়ায় উস্কানিদাতা হিসেবে ফখরুলসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে আসামি করা হয়, যাতে জামিন পেলেন কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অবরোধের মধ্যে ৩০ নভেম্বর মালিবাগে বাসে বোমা হামলা চালিয়ে চালক হত্যার মামলায় তার জামিন নামঞ্জুর হয়।
ফখরুলের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ মার্চ এ আদালতে মামলা দুটির জামিনের আবেদন করা হয়েছিল।
গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার দায়ের করা পৃথক তিনটি মামলায় মির্জা ফখরুল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
