উপজেলায় জনগণের বিজয় ‘ছিনতাই’ হয়েছে: নজরুল
চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিএনপি নেতা নজরুল ইসলাম বলেছেন, এতে জনগণের বিজয় ‘ছিনতাই’ হয়েছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৯১ উপজেলায় ভোটগ্রহণের পরদিন সোমবার ছাত্রদলের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
সহিংসতা ও গোলযোগে চারজনের মৃত্যু এবং বিভিন্ন কেন্দ্রে ব্যালট পোড়ানোর মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত নির্বাচনে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীনরা ভোটকেন্দ্র ‘দখল’ করে ১৯ দল সমর্থিত প্রার্থীদের হারিয়েছে।
“এত দিন শুনেছি, কাজের বিনিময় খাদ্য পাওয়ার কথা। এবার দেখলাম, আওয়ামী লীগ পুলিশ-র্যাবসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দখলের বিনিময়ে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছে।”
উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আওয়ামী লীগের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “৫ জন মানুষ মারা গেল, তারপরও এইচ টি ইমামরা বলছেন, ‘ভালো হয়েছে’।”
নজরুল বলেন, উপজেলা ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই তাদের হটাতে আন্দোলনে নামতে হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বাংলাদেশে পলিসি ফোরাম ক্যামব্রিজ নির্মিত ‘দি লিজেন্ড অফ শহীদ জিয়া অ্যান্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।
ছাত্রদলের সহসভাপতি এ বি এম পারভেজ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, সাবেক নেতা শহিদুল ইসলাম বাবুল, হায়দার আলী লেলিন, রফিকুল ইসলাম রাসেল, আমিরুজ্জামান শিমুল প্রমুখ।
