ইনুকে ‘খয়রাতি এমপি’ বললেন নজরুল
খালেদা জিয়াকে নিয়ে বক্তব্যের জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনার সময় তাকে ‘খয়রাতি এমপি’ বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের এক সভায় তিনি একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “তথ্যমন্ত্রী, যিনি কখনো নিজের দলের মশাল মার্কায় জিততে পারেননি, এখন তিনি খয়রাতি এমপি হয়ে খালেদা জিয়াকে রাজনীতি ছেড়ে দিতে বলছেন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জাসদের সভাপতি ইনু সাম্প্রতিক বিভিন্ন আলোচনা সভায় বলে আসছেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।
পাশাপাশি জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে দাবি করে খালেদাকে রাজনীতি থেকে উৎখাতের হুমকিও দিয়েছেন তিনি।
নজরুল বলেন, “ইনু সাহেবদের বলব, সুষ্ঠু নির্বাচন দিন; জনগণ নির্ধারণ করবে, কে অবসর নেবেন, কে নির্বাসিত হবেন।”
