এক-এগারোর কুশীলবরা সক্রিয়, টিআইবি নিয়ে কামরুল
টিআইবিসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা ধ্বংসের ‘ষড়যন্ত্র’ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
দশম সংসদ ‘সাময়িক’ হবে বলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্যের সমালোচনা করে একথা বলেন তিনি।
সরকারের কাছে বেসরকারি সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন তিনি।
২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত কামরুল ইসলাম বলেন, “এক এগারোর কুশীলবরা এখনো সক্রিয়। গতকাল টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে পরিষ্কার বোঝা যায়, তারা একটি গোষ্ঠীর লবিস্ট হিসেবে কাজ করছে।”
টিআইবিসহ বেসরকারি সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একতরফাভাবে তারা বলে যাবেন, আর আমরা শুনে যাব তা হতে পারে না। এদের টাকা আসে বিদেশ থেকে। ওই টাকার হিসাব নিকাশ হওয়া উচিত। জবাবদিহি থাকা উচিত।”
তার এই বক্তব্য সমর্থন করে আলোচনা সভার প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “আমি তার এই বক্তব্য সমর্থন করছি এবং তাকে আহ্বান জানাব, কেবিনেট মিটিংয়ে তিনি যেন এই বিষয়ে কথা বলেন।”
মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সংসদে বিরোধী দল নেই। সরকারি দল রয়েছে। বিরোধী দল বলতে যা বোঝায় সে বিরোধী দল নেই।”
ইফতেখারুজ্জামানের ওই বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, “তারা পার্লামেন্টে গালাগালির সমালোচনা করে, আবার গালাগালি না হলে তারা মনে করে পার্লামেন্টে বিরোধী দল নেই।
“গালাগালি করলেও দোষ, না করলেও দোষ।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম এবং জিল্লুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা উপস্থিত ছিলেন।
