প্রবীণ রাজনীতিবিদ আজিজুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রবীণ রাজনীতিবিদ ও গণতন্ত্রী পার্টির উপদেষ্টা পরিষদের সভাপতি আজিজুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সকালে নেত্রকোনা জেলার বারহাট্টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুল ইসলাম খান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
১৫ কার্তিক ১৩৩৪ বঙ্গাব্দে বারহাট্টা উপজেলার যশমাধব গ্রামে আজিজুল ইসলাম খানের জন্ম। বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫০ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে আই এ পাশ করেন।
তিনি ১৯৪৪ সালেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রিটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেন। নীতিগত কারণে আওয়ামী লীগ ত্যাগ করে ১৯৫৭ সালে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনের প্রস্তুতি কাজে আত্মনিয়োগ করেন। পরে নেত্রকোণা মহুকুমা ন্যাশনাল আওয়ামী পার্টির যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ জেলা ন্যাপের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৬২ সালে সাময়িক শাসনবিরোধী মিছিল করার অপরাধে ৬ মাস কারাবাস করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭২ সালে তিনি ময়মনসিংহ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দীর্ঘদিন ফেরারী থাকেন তিনি।
১৯৭৮ সালে আজিজুল ইসলাম খান ন্যাপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮৩ সালে ড. কামাল হোসেনের বাসায় ১৫ দলের সভা করতে গিয়ে অন্যদের সঙ্গে তিনিও গ্রেপ্তার হন। ১৯৮৯ সালে ঐক্য ন্যাপ বা এনএপি সম্মেলনে আজিজুল ইসলাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৯০ সালে এনএপির নাম বদলে প্রজাতন্ত্রী পাটি ও অন্যান্য ন্যাপ সহযোগে গণতন্ত্রী পার্টি গঠিত হলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
পরবর্তী সময়ে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে গণতন্ত্রী পার্টির সভাপতি আহমদুল কবিরের মৃত্যুর পর আজিজুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
