‘গণমাধ্যমে রাজপথের বিরোধী দলের গুরুত্ব বেশি’
সংসদের বিরোধী দল থেকে ‘রাজপথের বিরোধী দল’ নিয়ে কথা বললে তা গণমাধ্যমে বেশি গুরুত্ব পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থকগোষ্ঠী এবং বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের পুরোটা সময় সুরঞ্জিত কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালন প্রসঙ্গে।
তার বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকরা সুরঞ্জিত সেনগুপ্তকে বিএনপির আন্দোলনে নামার ঘোষণা সম্পর্কে কিছু বলতে অনুরোধ জানান।
এ সময় তিনি বলেন, “সংসদের বিরোধী দলকে (জাতীয় পার্টি) নিয়ে কথা বললে তা গুরুত্ব পায় না। কিন্তু রাজপথের বিরোধী দলকে (বিএনপি) নিয়ে কথা না বললে বা গালি না দিলে সাংবাদিকদের নিউজ হয় না।”
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিএনপিহীন এই সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে জাতীয় পার্টি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনে নামার ঘোষণা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আপনারা রাজপথে নামবেন, এটা আপনাদের রাজনৈতিক অধিকার। কিন্তু দেখবেন আন্দোলন যেন সহিংস না হয়। সহিংসতা হলে এর পরিনাম কিন্তু ভয়াবহ হবে।”
বিএনপি প্রধানের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির এই সদস্য বলেন, “তিনি (খালেদা) নিজেই রাজপথের বিরোধী দল হয়েছেন। আমরা তাদের সরকারি বা বিরোধী দল হতে আহ্বান জানিয়েছিলাম, তারা তা প্রত্যাখ্যান করেছেন।”
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “দেখবেন আপনার রাজনীতি যেন স্বাধীনতাবিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী না হয়। আওয়ামী লীগ বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তবে সেটা অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ।”
