‘ফাইনাল’ খেলায় বিএনপি ওয়াকওভার দিয়েছে: নাসিম
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আওয়ামী লীগকে ওয়াকওভার দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে নাসিম বলেন, কেন ইলেকশনে এলেন না? খেলার মাঠে নেমে খেলবেন না। খেলা তো বন্ধ থাকবে না।
“এমন না যে কোয়ার্টার ফাইনাল খেলা। এটা ছিল ফাইনাল খেলা। ২৪ জানুয়ারি আগে নির্বাচন না হলে আমরা অবৈধ হয়ে যেতাম। ২৪ তারিখ পার হলেই আপনি ধরতেন, যে আমরা ইলিগ্যাল। আমরা সেই ট্র্যাপে পা দিইনি। আমরা ইলেকশন করেছি।”
নির্বাচনে সবাই অংশগ্রহণ করলে ভাল হতো উল্লেখ করে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “আমরা চেয়েছি আপনাদের সাথে কনটেস্ট করতে। আমরা খেলতে চেয়েছি। আপনি ওয়াকওভার দিলেন। ফাইনাল খেলায় তো মাঠ ছেড়ে যেতে পারি না।”
নির্বাচনের আগে বিরোধী জোটের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে ভোটার উপস্থিতি কম ছিল দাবি করে নাসিম বলেন, বোমাবাজি, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা না করলে ভোট আরো ভাল হত।
“আপনারা বর্জন করবেন আবার বোমা মারবেন। স্কুল পর্যন্ত পুড়িয়েছেন। জীবনের ভয়ে মানুষ ভোট দিতে যায়নি। তাই ৪০ ভাগের বেশি ভোট হয়নি।”
বর্তমান সরকারকে সারা দুনিয়া স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে তারা বলল, কেউ স্বীকার করবে না। এখন আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন ও রাশিয়াও স্বীকার করেছে। ওআইসিসহ সবাই করেছে।
“তারা বলল, ইলেকশন হবে? ভোট দেবে না। ইলেকশন হল, ভোটও দিল মানুষ। বলল পার্লামেন্ট বসবে না- পার্লামেন্টও বসল। বলল সরকার হবে না, সফলও হবে না। সরকার হয়ে সফলও হয়ে গেছে।”
নাসিম বলেন, বিরোধী নেত্রী বলেন, আমরা না কি ভুল ট্রেনে উঠেছি। কোথায় ভুল ট্রেনে উঠলাম। সঠিক ট্রেনে উঠে সঠিক জায়গায় যাচ্ছি।
বিএনপি নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পরামর্শ আর শুনবেন না। এতে অনেক ক্ষতি হয়ে গেছে। এখন নিজের দল নিয়ে চলেন। নিজের পথে আগান। পাঁচ বছর ঠিকমত দল গোছান। সময় অনেক আছে। পাঁচ বছর পর আবার খেলা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও সাংবাদিক এম নাসিরুল হক।
এর আগে সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
