২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর বিএনপির নেতৃত্ব ছাড়লেন খোকা

আন্দোলন চাঙ্গা করতে ব্যর্থতার অভিযোগ ও দলের ভেতরে সমালোচনার মধ্যেই বিএনপির ঢাকা মহানগর শাখার আহ্বায়কের পদ ছাড়ার ঘোষণা দিলেন সাদেক হোসেন খোকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 01:30 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বুধবার রাজধানীর নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান  বলেন, “আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না। মহানগরকে ঢেলে সাজানোর জন্য আমি নেত্রীকে অনুরোধ জানিয়েছি। তিনি শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”

ঢাকার সাবেক মেয়র খোকা ১৯৯৬ সাল থেকে বিএনপির ঢাকা মহানগর কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সর্বশেষ ২০১১ সালের মে খালেদা জিয়া খোকাকে আহবায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেন।

এরপর ছয় মাসের মধ্যে সর্বস্তরের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা আর হয়নি।

সংবাদ সম্মেলনে খোকা বলেন, “আমি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। একটানা ১৭ বছর মহানগরের দায়িত্ব পালন করেছি। এখন তাগিদ অনুভব করছি, মহানগর কমিটি ঢেলে সাজানো প্রয়োজন।”

এই বিএনপি নেতা বলেন, কারাগারে থাকা অবস্থায় তিনি মগহানগর কমিটি ঢেলে সাজানোর জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বার্তা পাঠিয়েছিলেন। তাতে দুজনের নামও প্রস্তাব করা হয়েছিল।

“আমি বলেছিলাম মির্জা আব্বাস অথবা আবদুল আউয়াল মিন্টুকে এই দায়িত্ব দেয়া যেতে পারে। মির্জা আব্বাস এই দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন। তা না হলে ১/১১ এর সময়ে দলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালনকারী দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে মহানগরের দায়িত্ব দেয়া যেতে পারে।”

গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিএনপি লাগাতার কর্মসূচি দিলেও আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর খোকা নেতৃত্বাধীন মহানগর শাখা নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে। কয়েকজন জ্যেষ্ঠ নেতাও প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দেন।

আ স ম হান্নান শাহ গত ২০ ফেব্রুয়ারি এক আলোচনা সভায় বলেন, “৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আন্দোলনে সারাদেশে তৃণমূল নেতারা আন্দোলন করেছে, কিন্তু ঢাকা মহানগরের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। তাই তৃণমূলদের নিয়ে অতিদ্রুত মহানগর কমিটি পুনর্গঠন করা হবে। যারা আগামী আন্দোলনে মাঠে নামবে, তাদের নিয়ে কমিটি হবে।”

সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনও।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে সারা দেশে তৃণমূলের কর্মীরা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঢাকার অধিবাসী হিসেবে আমরা তা পারিনি। আগামীতে ঢাকায় আন্দোলন গড়ে তুলতে হবে।”

অবশ্য খোকা বলেছেন, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে তিনি মনে করেন না। আর সাফল্যের বিষয়টি বিচারের ভার জনগণ আর দলীয় নেতাকর্মীদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

ব্যর্থতার অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাদেক হোসেন খোকা বলেন, “যাদের রাজনীতি সর্ম্পকে জ্ঞান সীমিত, তারা এরকম বক্তব্য দিয়ে সরকারকে স্পেইস করে দিচ্ছে। আমাদের দলের ভেতরে কেউ কেউ এরকম কথা বলে ব্লেইম গেইম খেলছেন। এতে সরকারপক্ষই লাভবান হচ্ছে। এটা দলের সঠিক রাজনীতি নয় বলে আমি মনে করি।”

রাজধানীতে বিএনপির আন্দোলন ‘সফল’ না হওয়ার কারণ ব্যাখ্যা করে সাবেক এই মন্ত্রী বলেন, “আমরা পাকিস্তান আমলে আইয়ুব খান, ইয়াহিয়া খান ও বাংলাদেশে স্বৈরাচার এরশাদে বিরুদ্ধে আন্দোলন করেছি। ওইসব আন্দোলনে সরকার যেরকম আচরণ করতো, সে সময়ে যেসব সুযোগ সুবিধা আমরা পেতাম, এবারের আন্দোলনে সরকারের আচরণ ছিল অন্যরকম। দেখামাত্র গুলি করার নির্দেশ, ধরে নিয়ে গুম করার মতো আচরণের কারণে আমরা সে রকম আন্দোলন করতে পারিনি।”

ঢাকা মহানগর থেকেই ২২ জন নেতা-কর্মীকে র‌্যাব, পুলিশ ও ডিবি পরিচয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এই বিএনপি নেতা বলেন, “সরকারের এহেন আচরণ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। আমি মনে করি, রাজধানীতে গুলি করে আন্দোলন দমন করার কৌশল সরকার নিয়েছে, সেখানে গণতান্ত্রিক পন্থায় এ সরকারকে হটানো যাবে না।  নতুন কৌশল নিয়ে এই দখলদার সরকারকে হটাতে হবে।”

সেজন্য যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ পাড়ায় মহল্লার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের নতুন কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

“শেষ বিচারে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে খালেদা জিয়ারই বিজয় হবে।”

খোকা জানান, গত নির্বাচনের আগে আন্দোলনের এক পর্যায়ে মহানগর ঢাকাকে সক্রিয় করতে আট নেতাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তাদের মধ্যে তিনি নিজে ও আমান উল্লাহ আমান কারাবন্দি হন। বাকি ছয় নেতা তখন বাইরে ছিলেন।

“আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কেন ঢাকায় আন্দোলন হলো না, তা তারাই বলতে পারবেন।”

ঢাকা মহানগর কমিটি দীর্ঘদিনেও কেন পূর্ণাঙ্গ হয়নি জানতে চাইলে খোকা বলেন,  গত পাঁচ বছর দল ‘লাগাতার আন্দোলনে’ থাকায় এবং ‘হাজার হাজার নেতা-কর্মীকে’ গ্রেপ্তার ও ‘মিথ্যা মামলায়’ জড়ানো হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি।

বিএনপির এই সহ সভাপতি বলেন, একজন ‘সাচ্চা কর্মী’ হিসাবে দল স্থবির থাকুক- তা তিনি চান না। এ জন্য মহানগর শাখা পূনর্গঠন না হওয়া পর্যন্ত তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করে যাবেন।

মহানগরের দায়িত্ব নেয়ার মতো কারা আছেন জানতে চাইলে খোকা বলেন, ২৫ জনের মতো নেতা আছেন যারা নেতৃত্ব পেতে পারেন। তবে চেয়ারপার্সন যাকে ঠিক করে দেবেন, তিনিই নেতৃত্বে আসবেন।

দীর্ঘ সময় মহানগরের নেতৃত্বে রাখার জন্য খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

খোকা বলেন, “আমরা ব্যক্তি কে কোথায় কোন পদে থাকলাম, তাতে কিছু আসে যায় না। দলের আর্দশ আমাদের কাছে বড় বিষয়। আমি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ডাকে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছি। দেশনেত্রীর সঙ্গে দীর্ঘ দিন আন্দোলন-সংগ্রামে ছিলাম, আছি।

“গত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৬ সালে আমার নামে ১৭৮টি মামলা হয়েছিলো। আমি ওই সময়ে গুলিবিদ্ধও হয়েছিলাম। এরপরও আমি কখনো আন্দোলন থেকে সরে যাইনি।”

অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, শামসুল হুদা, আলী আজগর মাতববর, আবদুল আলিম নকি, বজলুল বাসিত আনজু, নবী উল্লাহ নবী, নুর জাহান মাহবুব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।