অপেক্ষা করুন, আর ভুল ধরিয়ে দিন: খালেদাকে তোফায়েল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর অপেক্ষা করে সরকারের ভুল ধরিয়ে দিতে পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার মোহাম্মদপুর-আদাবর থানা আওয়ামী লীগের সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, “পাঁচ বছর অপেক্ষা করেন। বক্তৃতা করেন, সভা-সমাবেশ করেন। আমাদের ভুল ধরিয়ে দেন। ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করবেন না।”
বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে তোফায়েল বলেন, মেয়াদ শেষে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে।
হরতালের নামে বিশৃঙ্খলা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও বিএনপিকে হুঁশিয়ার করেন তিনি।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “বললেন অবৈধ সরকার, আর তার অধীনেই নির্বাচনে গেলেন কিভাবে? আপনাদের নীতি নাই-আদর্শ নাই?”
মোহাম্মপুর শহীদ পার্কে অনুষ্ঠিত এই সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “কতবার বললাম নির্বাচনে আসেন, আসেন নাই। এখন কর্মীদের জিগান, তারা কী কয়!
“নির্বাচনে না আইসা আপনার আমও গেছে, ছালাও গেছে। না হইলেন প্রধানমন্ত্রী, না হইলেন বিরোধীদলীয় নেত্রী। এখন আছে শুধু গাছ। উল্টা-পাল্টা কইলে গাছও থাকবে না।”
মোহাম্মদ-আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
