ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ যুবলীগ নেত্রীর
রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন ওয়ার্ড যুবলীগের এক নেত্রী।
সোমবার ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন তপুর শাস্তি দাবি করেন ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরী।
তবে থানা ছাত্রলীগ সভাপতি তপু তার বিরুদ্ধে সহযোগী সংগঠনের এই নেত্রীর অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
মনিরা বলেন, তপু রামপুরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, নারী ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছেন। এসব ঘটনার প্রতিবাদ করায় করায় তপু তার পরিবারের ওপর নির্যাতন চালায়।
গত ৭ মার্চের এক ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “তপু ও তার সন্ত্রাসী বাহিনী রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে মদিনা টাওয়ারের সামনে আমার বাচ্চাকে আমার কোল থেকে তুলে নেয়। আমাকে জোর করে রিকশা থেকে নামানোর চেষ্টা করলে আমার স্বামী মারুফ সরকার বাধা দেন।
“তখন তারা আমার স্বামীকে মারধর করে রাস্তায় অজ্ঞান করে ফেলে রাখে। এরপর তারা আমাকে মদিনা টাওয়ারের সিঁড়ির মধ্যে নিয়ে অকথ্য নির্যাতন চালায়।”
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আমার বিরুদ্ধে নারী নির্য্যাতন, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।”
এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “প্রয়োজনে সংবাদ সম্মেলন করে আমিও আমার অবস্থান পরিষ্কার করব।”
ক্ষমতাসীন দলের দুই সহযোগী সংগঠনের দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এর পেছনে ‘রাজনৈতিক বিরোধ’ কাজ করছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনিরার সঙ্গে তপুর সুসম্পর্ক ছিল। রাজনৈতিক বিরোধের জের ধরে এখন দূরত্ব তৈরি হয়েছে।”
তপু মাদক ব্যবসা বা নারী নির্যাতনে জড়িত- এমন কোনো তথ্য জানা নেই বলে ওসি জানান।
