‘গোপালী এখন ক্রেনে’
‘গোলাপী’ সম্বোধনের পাল্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গোপালী’ অভিহিত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইনজীবীদের অনুষ্ঠানে বক্তৃতায় খালেদা আওয়ামী লীগ সভানেত্রীকে ইঙ্গিত করে বলেন, “তিনি (হাসিনা) বলেন, গোপালীরা নাকি কপালী। হায়রে কপাল!
“গোপালী এখন ট্রেনে নয়, ক্রেনে। তাদের ক্রেন দিয়ে টেনে তুলতে হবে।”
দশম সংসদ নির্বাচনের আগে বাড়ি থেকে বের হতে বাধা পেয়ে উত্তেজিত কণ্ঠে খালেদা এক নারী পুলিশ সদস্যের উদ্দেশে বলেছিলেন, “গোপালী না কি? গোপালগঞ্জ আর থাকবে না।”
নিজের জেলা নিয়ে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা পরে বলেন, গোপালীরা কপালী হয়।
এরপর আওয়ামী লীগ সভানেত্রী আরেক সভায় বক্তব্যে খালেদাকে ইঙ্গিত করে বলেন, “গোলাপীরে গোলাপী ট্রেন তো মিস করলি।”
বিএনপির ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে ওই বক্তব্য দেন হাসিনা।
নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল দাবি করে খালেদা বলেন, “আমাদের ডাকে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এখন আওয়ামী লীগ বলছে, আমরা না কি নির্বাচনে না গিয়ে ট্রেন মিস করেছি।
“আমি বলব, আমরা নই। তারাই ট্রেন মিস করেছে। তারা জনগণের ট্রেনে না উঠে ভুল ট্রেন উঠেছে। ওই ট্রেন এখন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। একে ক্রেন দিয়ে টেনে তুলতে হবে।”
অনুষ্ঠানে খালেদা জিয়া গত ৬ জানুয়ারি প্রকাশিত দৈনিক ইনকিলাবের একটি কপি দেখিয়ে বলেন, “এখানে হেডিং করা হয়েছে, ‘নিরব প্রত্যাখ্যান’।
“ভোট কেন্দ্রে কোনো মানুষ নেই। মাঠে কুকুর বসে আছে। সরকারের উচিৎ ওই কুকুরটা খুঁজে বের করে একটা পুরস্কার দেয়া।”
দশম সংসদ ও বর্তমান সরকার দুটোই ‘অবৈধ’ দাবি করে খালেদা বলেন, “এখানে (সংসদে) কোনো বিরোধী দল নেই। আছে গৃহপালিত একটি বিরোধী দল। জনগণের ট্যাক্সের টাকায় অনির্বাচিতদের-অবৈধদের দিয়ে সংসদ চালানো হচ্ছে।”
অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন নতুন নির্বাচন দাবি করেছেন। তা না হলে সরকারকে মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
‘গোলাপী এখন উপজেলার ট্রেনে’
‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী’
