আশরাফ-মেননের অনুপস্থিতিতে ‘ভাগ্যবান’ তোফায়েল
বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে নিজেকে ‘ভাগ্যবান’ বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রাশেদ খান মেনন এবং সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সম্পর্কে ঢাকা-২০ এর সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের উত্তর দিতে সৈয়দ আশরাফের পক্ষে উত্তর দিতে বাণিজ্যমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তখন তোফায়েল বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এর আগে বিমানমন্ত্রী রাশেদ খান মেননের পক্ষে প্রশ্নের জবাব দিয়েছি। এখন দিচ্ছি সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে।”
“আমাকে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অনুপস্থিত। তার পক্ষেও আমাকে দাঁড়াতে হবে। এখন দেখলাম উনি এসে গেছেন।”
জাসদের মইন উদিন খান বাদল বিমানের ডিসি-১০ উড়োজাহাজ নিয়ে সিদ্ধান্ত বদল নিয়ে মন্ত্রী মেননের কাছে প্রশ্ন রাখেন, কারা এই সিদ্ধান্ত নিচ্ছে।
তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোফয়েল বলেন, “উনি (বাদল) বলেছেন, বিমান পরিকল্পনা ছাড়া চলছে। মাননীয় সদস্য ৫ বছর বিমান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। উনি যদি একটা সিদ্ধান্ত দিতে পারতেন, তাহলে ভালো হত।
“আমার জ্ঞান সীমিত। মনে করেছিলাম, বাদল সাহেব জ্ঞানগর্ভ কিছু বলবেন। কিন্তু ৫ বছরের অভিজ্ঞতা খুঁজে পেলাম না।”
ঢাকা-২০ থেকে নির্বাচিত সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে সংসদে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ৬ হাজার ১৫৫ জন সদস্য শান্তিরক্ষা মিশনে আটটি দেশে দায়িত্ব পালন করছেন।
এই দেশগুলো হচ্ছে- লাইবেরিয়া, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান, উত্তর সুদান (দারফুর), ডি আর কঙ্গো, পশ্চিম সাহারা, লেবানন ও মালি।
এ পর্যন্ত শান্তিরক্ষী মিশনে কাজ করতে গিয়ে ৯৯ জন প্রাণ হারিয়েছে বলে জানান আশরাফের পক্ষে উত্তরদাতা মন্ত্রী তোফায়েল।
