আ. লীগের নারী এমপি এখনো চূড়ান্ত হয়নি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের নাম বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে।
এ নিয়ে বুধবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হলেও তা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মুলতবি করা হয়েছে বলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গণভবনে বুধবার রাত ৮টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে।
সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হার অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪১টি পাবে। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে তিনটি আসন। আওয়ামী লীগের ২৩১, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫, জেপির ২, জাপার ৩৪, স্বতন্ত্রদের ১৬, তরীকত ফেডারেশনের ২ এবং বিএনএফের ১টি আসন রয়েছে দশম সংসদে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় রাখা হয়েছে ৯ মার্চ। বাছাই ১১ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। ভোটের তারিখ রয়েছে ৩ এপ্রিল। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪২৩টি ফরম জমা পড়েছে। “এত ফরম বাছাই করতেও তো সময় লাগে,” মন্তব্য করে আশরাফ আশা প্রকাশ করেন, বৃহস্পতিবারই নারী আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা যাবে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে, নবম সংসদের সংরক্ষিত মহিলা আসনের অনেকেই এবার সুযোগ পাচ্ছেন না।
এদিকে, স্বতন্ত্র সাংসদদের পক্ষ থেকে হাজী সেলিম বুধবার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সংসদ নেতাই নির্ধারণ করবেন সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে কে কে প্রার্থী হবেন।
