চেক জালিয়াতি: চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা
চেক জালিয়াতির মামলার শুনানিতে হাজির না হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান পরোয়ানা জারি করে বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছেন।
আসামী নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম মেসার্স ইলিয়াস ব্রাদার্সের (এমইবি) ব্যবস্থাপনা পরিচালক। এই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার ভাই নূরুল আবসারও আসামি।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেক প্রতারণার মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল।
“নূরুল আবসার আদালতে উপস্থিত হলেও শামসুল আলম অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।”
পিপি কামাল উদ্দিন বলেন, “শামসুল আলম সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছি। অথচ আদালতে হাজিরার দিনে তিনি অনুপস্থিত থাকেন।”
অপর আসামি নুরুল আবসারের পক্ষে তার আইনজীবী সময় প্রার্থনা করায় বুধবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি, বলেন তিনি।
আদালত সূত্র জানায়, ইসলামী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১৩ সালের ১২ মার্চ ছয় কোটি ৫৭ লাখ টাকার একটি চেক দেয় এমইবি।
কিন্তু তাদের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখাত হয়।
এ ঘটনায় ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার এক কর্মকর্তা ওই বছরের ২১ জুলাই এমইবি গ্রুপের দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা করেন।
