থানায় গিয়ে হুমকি, যুবলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরে রেলের জায়গায় দোকান বসানো নিয়ে রেলওয়ে কর্মকর্তাকে মারধরের ঘটনার জেরে পুলিশকে হুমকি দিতে গিয়ে এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
বুধবার জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার সাখাওয়াত হোসেন সাবেক গাজীপুর পৌর যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, বেলা ১১টার দিকে সাখাওয়াত জয়দেবপুর থানায় গিয়ে পুলিশকে দেখে নেয়ার হুমকি দিলে সেখানেই পুলিশ তাকে আটক করে এবং পরে রেলওয়ে পুলিশে হস্তান্তর করে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাখাওয়াতের মারধরে আহত স্টেশন মাস্টার হাসপাতালে চিকিসাধীন থাকায় মামলা করতে পারেননি। তিনি সুস্থ হলে মামলা করার পর ওই মামলায় সাখাওয়াতকে গ্রেপ্তার দেখানো হবে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়িতে কর্তব্যরত রেলওয়ে পুলিশের এএসআই মো. দাদন মিয়া জানান, ইতোপূর্বে জয়দেবপুর রেলজংশন এলাকায় দোকান-পাট বসানোর কারণে বিভিন্ন সময় যুবলীগের ওই নেতা স্টেশন মাস্টারের কাছে টাকা দাবি করতেন।
গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে সাখাওয়াত হোসেনসহ তিন জন রেল স্টেশনে প্রবেশ করে এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে গালাগাল ও মারধর করে চলে যান।
এ সময় তার কক্ষে থাকা রেলওয়ের কয়েকজন কর্মকর্তা জিয়া উদ্দিনকে উদ্ধার করার চেষ্টা করলে তাদেরও গালাগাল করেন তারা।
পরে স্টেশন মাস্টারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে জন্য পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জয়দেবপুর স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে রাত সাড়ে ৮টা থেকে পরদিন রাত ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখেন।
এএসআই দাদন মিয়া আরো জানান, এ সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের পর ওই যুবলীগ নেতা সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের হুমকি দেন।
হুমকির বিষয়টি সাংবাদিকরা পুলিশকে অবহিত করলে পুলিশ তা সাখাওয়াতের বড়ভাই কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে জানায়।
পুলিশ সাখাওয়াতের বড়ভাইকে এটা জানানোর কারণে সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে থানায় হুমকি দিতে যান।
