২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় যুবলীগকর্মী খুন, লোহাগাড়ায় কুপিয়ে জখম

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর কর্মীদের গুলিতে নিহত হয়েছেন যুবলীগের এক কর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

পাশের উপজেলা লোহাড়ায় কুপিয়ে জখম করা হয়েছে সরকার সমর্থক যুব সংগঠনটির আরেক কর্মীকে।

সাতকানিয়ায় নিহত হাসান (৩৫) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকার বাসিন্দা।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলতলা বাজারে স্থানীয় জামায়াতের বশর বাহিনীর সদস্যরা হাসানকে গুলি করে।

গুরুতর অবস্থায় হাসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসানের পায়ে, বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।”

লোহাগাড়ার হামলায় আহত যুবলীগকর্মীর নাম মোক্তার আহমেদ (২২)। তার বাড়ি চুনতি ইউনিয়নের সাতঘর এলাকায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টায় সাতঘর এলাকায় মোক্তারের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

কারা হামলা করা করছে তা পুলিশ না জানাতে পারলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছেন, ইউপি নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করায় এই হামলা চালানো হয়েছে।