২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ বিএনপির

মাগুরার দুই দফায় উপজেলা নির্বাচন শেষে জেলার ভোটারদের পাশাপাশি নির্বাচনী কাজে জড়িত প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে জেলা বিএনপি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:42 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার দুপুরে শহরের শহীদ মিন্টু রোডে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানান দলের জেলা সভাপতি কবীর মুরাদ।

গত ১৯ ও ২৭ ফেব্রুয়ারি দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে জেলার চার উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর প্রশংসার সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান জেলা বিএনপির সভাপতি।

তিনি বলেন, এ নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের ৬৫ থেকে ৭০ শতাংশ বিএনপির প্রার্থীরা পেয়েছেন। এতেই প্রমাণ হয় বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা নেই।

বর্তমানে মাগুরা জেলা বিএনপিতে কোনো গ্রুপিং নেই বলে সম্মেলনে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান ইকবাল আকতার খান কাফুর, জেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব কিশোর, সাংগঠনিক সম্পাদক মহম্মদ আলী, সদর উপজেলা সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলী প্রমুখ।