তৃণমূল বলছে ‘ভুলই আ. লীগের ভরাডুবির কারণ’
উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে না পারায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যানসহ সব পদেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রার্থী এছরারুল হক ভোট পেয়েছেন মাত্র এক হাজার ১০৯ ভোট। ওই পদে ছয় প্রার্থীর মধ্যে সর্বচেয়ে কম ভোট পেয়েছেন তিনি।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান মশিয়ার মোটরসাইকেল প্রতীক নিয়ে ২১ হাজার ৩৩২ ভোট পান।
এমন ভরাডুবির কারণ হিসেবে কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফণিভূষণ রায় বলেন, “আওয়ামী লীগের লোকজন জাপা প্রার্থী রশিদুল ইসলামের ঘোড়া প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীর পরাজয় এনেছে।
“বিদ্রোহী প্রার্থী মশিয়ার রহমানের বিজয় ঠেকাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এছরারুল হক নিজেই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দিতে বলেন।”
এ চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৭৭৩ ভোটে পেয়ে এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পাটি সমর্থিত প্রার্থী রশিদুল ইসলাম। আর ২৬ হাজার ৮০৩ ভোটে পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রাজ্জাকুল ইসলাম রাজা।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মোসাদ্দেক হোসেন ১২ হাজার ৯৫৯ ভোট এবং সাবেক ভাইস চেয়ারম্যান আ ফ ম শাওনুল হক শাওন তিন হাজার ৩৩৭ ভোট পেয়েছেন।
এই এলাকার বর্তমান সাংসদ জাতীয় পার্টির হলেও আগেরবার সাংসদ ছিলেন আওয়ামী লীগ থেকে।
বিদ্রোহী প্রার্থী মশিয়ার বলেন, “তৃণমূলের সভায় আমাকে সমর্থন জানানো হয়েছিল। তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে এছরারুল হককে সমর্থন জানিয়েছে নেতারা।
“এ ব্যাপারে জেলা এবং কেন্দ্রীয় নেতারা কোনো পদক্ষেপ না নিয়ে বরং তাকেই সমর্থন জানিয়েছে।”
গত ২৩ ফেব্রুয়ারি বিকালে কিশোরগঞ্জ বাজারে কেন্দ্রীয় নেতারা এসে পথসভায় এছরারুলকে দলীয় সমর্থন জানিয়ে মশিয়ারকে বিদ্রোহী প্রার্থী ঘোষণা করেন।
ওই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অসীম কুমার উকিল।
এ ব্যাপারে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী দলের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল বলেন, “দলীয় নেতাকর্মীরা আমার সাথে বিশ্বাসঘাতকতা (বিট্রে) করেছে।”
তবে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার কথা অস্বীকার করেন তিনি।
এছরারুলের জনসমর্থন ছিল না তা জানতেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল।
তিনি বলেন, “এছরারুল জোরপূর্বক দলীয় প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নেতারা তার পক্ষে এখানে জনসভা করলেও স্থানীয় নেতাকর্মীদের সাথে কোনো আলোচনা না করে চলে গেছেন।
কেন্দ্রীয় নেতাদের মাঠ পর্যায়ে জরিপ করে এখানে আসা উচিত ছিল মন্তব্য করেন তিনি।
নিজে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “দলের একক প্রার্থী নির্বাচনের স্বার্থে আমি নিজে প্রার্থী হইনি।”
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মাসুম রানা তৃতীয় অবস্থানে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী শিরিনা বেগম ৪৯ হাজার ১৮৩ ভোট পেলেও আওয়ামী লীগ সমর্থিত ফাতেমা বেগম পান ২৯ হাজার ৪৩৫ ভোট।
এ জেলায় এ পর্যন্ত হওয়া নির্বাচনে সৈয়দপুর ও ডিমলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। আর জলঢাকায় ফের চেয়ারম্যান হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।
কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান জাতীয় পার্টি থেকে হওয়ায় আওয়ামী লীগের তৃণমূল অনেক নেতাকর্মীর মত- ভুল সিদ্ধান্তের কারণে এখন ভরাডুবির গ্লানি বইতে হচ্ছে সবাইকে।
