বিজ্ঞান গবেষণায় প্রণোদনা বাড়ছে: বিজ্ঞান প্রতিমন্ত্রী
দেশে বিজ্ঞানের অগ্রগতি সাধনের জন্য মৌলিক গবেষণায় সরকার প্রণোদনা বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বিজ্ঞানবিষয়ক এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “গবেষণা না থাকলে বিজ্ঞান থাকবে না। তাই বর্তমান সরকারের বিশেষ দৃষ্টি আছে মৌলিক গবেষণার উপর। এজন্য সরকার প্রণোদনা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে।”
তিনি বলেন, “দেশের কৃষি বিজ্ঞানীরা যে সাফল্য দেখিয়েছে তা অভূতপূর্ব। তাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।”
বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্লানিং কমিশনের সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, বাংলাদেশে জাপান দূতাবাসের মিনিস্টার হিরোকি মিনামি এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রধান মাইক রবসন।
