মন্ত্রীদের এলাকা ‘ঝুঁকিপুর্ণ’, সেনা চায় বিএনপি
মন্ত্রীদের বাড়ি যে সব এলাকায়, উপজেলা নির্বাচনে সেসব এলাকাগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ মনে করছে বিএনপি।
ওই সব এলাকার কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে দ্বিতীয় পর্বের ভোটের আগের দিন বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বে বুধবার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে। প্রথম পর্বের সাফল্য এবারো ধরে রাখতে আশাবাদী বিএনপি।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী ভোট কারচুপি হলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন।
বিএনপির যুগ্মমহাসচিব সন্ধ্যায় বলেন, “উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে মন্ত্রীদের এলাকাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করছি।
“ওই সব এলাকায় মন্ত্রী-সাংসদরা স্থানীয় প্রশাসন দিয়ে বিরোধী নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে।”
“আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাব, অনতিবিলম্বে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সেনা মোতায়েন অথবা প্রেরণ করুন।”
সরকারি হামলা-নির্যাতন সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান নেয়ার জন্য বিরোধী নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।
তিনি দাবি করেন, ঢাকার কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ সদর, জামালপুরের মেলান্দহ, ফেনী সদর, বরিশাল সদর, কুমিল্লার লাকসাম, মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ ‘সন্ত্রাস’ চালাচ্ছে।
এর বিরুদ্ধে বিরোধী জোটের নেতা-কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান রিজভী।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ।
ভোটে কারচুপি হলে কঠোর কর্মসূচি: রিজভী
