‘ঋণখেলাপি’ কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
ঋণ খেলাপি হওয়ায় কারণ দেখিয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপির সঙ্গে দশম সংসদ নির্বাচন বর্জনকারী কাদের সিদ্দিকী এই উপনির্বাচনে অংশ নিতে চাইলে আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে হবে।
বুধবার সকালে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাইয়ের পর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন।
তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী কাদের সিদ্দিকী তার নিজস্ব প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশনের নামে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু কয়েক বছর পার হলেও সে টাকা তিনি পরিশোধ করেননি।”
একই কারণে এই উপনির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী এবং হলফনামায় সই না করায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ মিঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
এছাড়া আবেদনপত্রে সই না থাকায় জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হলেও তাকে সংশোধিত আবেদন দাখিলের সময় দেয়া হয়।
আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে জাতীয় সংসদের এ আসনটি শূন্য হয়। এরপর ২৯ মার্চ ভোটের দিন রেখে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া প্রার্থীর তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী।
কাদের সিদ্দিকীসহ যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, নিয়ম অনুযায়ী তারা আগামী তিনদিনের মধ্যে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচন বয়কট করলে সব দলের অংশগ্রহণ না হওয়ার কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীও ভোটের লড়াইয়ে আসেননি।
৫ জানুয়ারির বিরোধী দলবিহীন নির্বাচনের সমালোচনা করে তিনি বলেছিলেন, এতে শেখ হাসিনার ‘ছালা-মালা দুইই যাবে’।
আওয়ামী লীগের এক সময়ের নেতা কাদের সিদ্দিকী দুই দশক আগে আলাদা দল গঠন করেন। তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও শেখ হাসিনার সরকারের মন্ত্রী।
নির্বাচনী লড়াইয়ে কাদের সিদ্দিকী
‘ঋণখেলাপি’ কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
