নেপথ্য হোতাদের চিহ্নিত করার দাবি বিএনপির
পিলখানা বিডিআর বিদ্রোহের ‘আসল নায়কদের’ চিহ্নিত করতে সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছে বিএনপি।
দলটির অভিযোগ, ওই ঘটনার সঠিক বিচার হয়নি।
মঙ্গলবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিডিআর বিদ্রোহ ঘটনার বিচার সঠিকভাবে হয়নি। যে বিচারটি হয়েছে, তাতে অসংখ্য মানুষকে জড়ানো হয়েছে। ঘটনার আসল নায়কদের বিচারে সম্পৃক্ত করা হয়নি।”
“বিদ্রোহের ঘটনার নেপথ্য ‘নায়কদের’ চিহ্নিত করতে আমরা সুষ্ঠু তদন্তের দাবি করছি। একই সঙ্গে এর নিরপেক্ষ বিচার দাবি করছি।”
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সীমান্তরক্ষা বাহিনীর ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
ঘটনায় পলাতক বিদ্রোহীদের পালাতে সহযোগিতা করার দায়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টুর যাবজ্জীবন হয়েছে। এই মামলায় বিদ্রোহী ১৫২ জওয়ানকে দেয়া হয় মৃত্যুদণ্ড।
সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ আদালতের জামিন নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খোকা। ৫ জানুয়ারির আগে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোসহ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়।
৪ ডিসেম্বর সাদেক হোসেন খোকাকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তাদের হত্যার ঘটনাকে জাতির জন্য শোকের দিবস হিসেবে অভিহিত করে ফখরুল বলেন, এ দিনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছিলো। বিডিআর ট্র্যাজেডির মধ্য দিয়ে ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়। যারা আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ও সেনা বাহিনীর মনোবলকে ভেঙে দিতে চেয়েছিলো, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারাই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
সাদেক হোসেন খোকা বলেন, “৫ জানুয়ারি ভোটবিহীন প্রহসনের নির্বাচন বর্জনের আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া সফল হয়েছেন। আমাদের অনেক নেতা-কর্মী এখন কারাগারে। সরকার হটানোর আন্দোলনের পথ যত পিচ্ছিল হউক না তা থেকে আমরা পিছপা হবো না।”
এ সময় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
