শহীদ মিনারে যেতে খালেদাকে ‘বাধা’
পুলিশের ‘বাধার’ কারণে খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পারেননি বলে বিএনপি অভিযোগ করেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সব প্রস্তুতি নিলেও তার বাসার সামনে ব্যাপক পুলিশ মোতায়েন থাকায় তিনি বেরুতে পারেননি।
এরপর রাত ১২টা ১০ মিনিটে খালেদা গাড়ি নিয়ে গুলশানের বাড়ি থেকে বের হয়ে একই এলাকায় তার কার্যালয়ে যান।
সেখান থেকে রাত ১টার দিকে দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যে আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।
৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় দুই যুগের বেশি সময় পর এই প্রথম সরকারি প্রটোকল ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর সাধারণ মানুষের সঙ্গে খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিলেন।
