২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা আমপারা পড়তে পারলে পদত্যাগ করব’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘শুদ্ধ’ করে কোরআন শরীফের ‘আমপারা’ পড়তে পারলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 11:28 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, খালেদা জিয়া ‘আমপারা’ পড়তে পারেন না। যদি পারেন আমি সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব।”

জামায়াতকে পরিহার করে বিএনপিকে রাজনীতি করার পরামর্শ দেন তিনি।

বিএনপির উদ্দেশে চট্টগ্রাম-১২ আসনের এই সংসদ সদস্য বলেন, “জামায়াতকে ছাড়তে হবে। তবেই তাদের (বিএনপি) রাজনীতি করার অধিকার থাকবে।”

জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ায় ধন্যবাদ জানান সরকার দলীয় এ সাংসদ।

নবম সংসদে বিএনপির নারী সাংসদদের ‘অশালীন ভাষা’ ব্যবহারের কথা মনে করিয়ে দিয়ে শামসুল হক বলেন, “আমরা এমন সংসদই চাই। এখানে কোনো মহিলা সাংসদ গালাগালি করছেন না। আপনারা বিরোধী দল, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন।”

‘আল্লাহর ইচ্ছায়’ ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

শামসুল হক চৌধুরী বলেন, “আল্লাহর ইচ্ছায় ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”

সূরা আল ইমরানের একটি আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “আল্লাহ বলেছেন তিনি যাকে খুশি রাজ্য দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন। আল্লাহ চেয়েছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হয়েছেন।

“এটা আল্লাহর দান। নইলে রওশন এরশাদ কেন বিরোধীদলীয় নেতা হবেন? আল্লাহর হুকুমে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”

‘ধন্যি রাজার ধন্যি দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান দিয়ে এ সাংসদ শামসুল হক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় কেউ শেখ হাসিনাকে মারতে পারে নাই। আর কোনোদিন কেউ তাকে মারতেও পারবে না।”