‘মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি সাড়া পাবে না’
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জনগণ সাড়া দিবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, “বিএনপি পুনর্নির্বাচনের দিকে জনগণকে নিতে পারবে বলে আমি মনে করি না। কারণ তারা জামায়াতকে সঙ্গে নিয়ে সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচন প্রতিহত করতে চাইলেও জনগণ তাতে সাড়া দেয়নি।"
আকবর হোসেনের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ।
হান্নান শাহ বলেন, "আমরা আগে থেকেই দাবি করেছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। তারপরও এমন নির্বাচন হলো। বর্তমান সরকারের মন্ত্রীদের কথা শুনলে জনগণই মাঠে নামবে।"
বিএনপির উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে তিনি বলেন, "উপজেলা স্থানীয় পর্যায়ের নির্বাচন। এতে সরকার পরিবর্তন হয় না। তাই এখানে আমরা অংশ নেবো।"
ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, "জনগণের মতামতভিত্তিক একটি নির্বাচন হওয়া উচিত। সরকার যদি বলে তারা শাসনতন্ত্র মানছে তবে অবশ্যই তাদের তা করা উচিত। তা না হলে শুধু বিএনপি কেন জনগণ আন্দোলনের দিকে যাবে।"
অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ বলেন, "আকাশ থেকে হঠাৎ প্রহসনের বা ভোটারবিহীন নির্বাচন হয়নি। তেমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই হয়েছিল।
"এখন বিএনপি নির্বাচন চাইলেও সেখানে অংশ নেয়ার সামর্থ্য তাদের আছে কি না তা দেখতে হবে। কারণ ৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর একজন সাধারণ জনগণও মাঠে নামেনি।"
এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা হান্নান শাহ বলেন, "সরকার দেশে গুম-হত্যার ব্যাপারে নিজে কোনো কথা না বলে অন্য মাধ্যম দিয়ে বা মুখপাত্র দিয়ে তাদের বক্তব্য দিয়েছে। আজকে যেভাবে গুম হত্যা হচ্ছে তা কোন দেশেই সমর্থনীয় নয়।”
জবাবে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, "বিএনপি যে ৩৩০ জনের গুম হওয়ার হিসাব দেখিয়েছে, আমাদের হিসাবে তা ১৭ জন হয়েছে। যে রাজনীতি শুরু হয়েছে তা গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকর।"
তিনি বলেন, "নিশ্চয়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। তবে যেসব বিদেশিরা এর সমালোচনা করে তাদের দেশেও এমন ঘটনা অহরহ হচ্ছে।”
