২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কি হত্যা, দুই আসামির স্বীকারোক্তি

যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে আসামি মাহবুবুল হক ও চুন্নু মিয়ার জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি এ হত্যা মামলায় গ্রেপ্তার ফাহিমা ইসলাম লোপাকে ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট।

মামলার প্রধান আসামি এইচ এম জাহিদ সিদ্দিক তারেক গত বছর ৩১ জুলাই রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গত বছর ২৯ জুলাই গুলশানে একটি বিপণীবিতানের সামনে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী খুন হন। মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করা হয়।

ওই বিপণীবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে ‘মূল’ হত্যাকারী হিসেবে যুবলীগ নেতা তারেককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

তারেক গ্রেপ্তার হওয়ার পর খিলক্ষেতে র‌্যাবের  সঙ্গে তার সহযোগীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ এই যুবলীগ নেতা নিহত হন বলে দাবি করা হয়।

মিল্কী হত্যার ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন তার ভাই মেজর রাশিদুল হক খান। এতে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।