২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ ও পলকের দায়িত্বেই একীভূত মন্ত্রণালয়

আবদুল লতিফ সিদ্দিকীকেই একীভূত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 09:38 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

আর বিলুপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পেয়েছেন নতুন মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব।

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আব্দুল লতিফ সিদ্দিকী একইসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনাইদ আহমেদ পলক।

গত সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নামে মন্ত্রণালয় গঠন করে সরকার।

এর আওতায় রাখা হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব নতুন করে নির্ধারণ করেন বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, লতিফ সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (মন্ত্রণালয়ের দায়িত্বে) ইয়াফেস ওসমানের অনুপস্থিতিতে জুনাইদ আহমেদ বিকল্প হিসেবে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল।