হুইপ আতিকের সংবর্ধনা শেরপুরে
দশম জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ মো. আতিউর রহমান আতিককে সংবর্ধনা দিয়েছে নিজ নির্বাচনী এলাকা শেরপুরবাসী।
শনিবার বিকালে শেরপুর সদরের শহীদ দারোগ আলী পৌর পার্কের এ গণসংবর্ধনায় ব্যাপক গণমাগম হয়। দুপুরের আগে পৌর পার্কের বিশাল মাঠ কানায় কানায় ভরে যায়।
এ সংবর্ধনা উপলক্ষ্যে জেলা সদরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। দুপুরে শতাধিক মোটরসাইকেল এবং অর্ধশত গাড়ির বহর নিয়ে তিনি শহরে প্রবেশ করেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি ও হুইপ মো. আতিউর রহমান আতিক বলেন, পরপর চারবার সংসদ সদস্য এবং একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে শেরপুরবাসী তাকে চিরঋণী করেছেন।
“আমার গায়ের চামড়া দিয়ে শেরপুরবাসীকে পায়ের জুতা বানিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না,” বলেন তিনি।
তাকে জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরপুরবাসীকে সম্মানিত করেছেন। এই সম্মানকে তিনি শেরপুরবাসীর প্রতি উৎসর্গ করেছেন।
সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট চন্দন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরপুর- ৩ আসনের সাংসদ একেএম ফজলুল হক চান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ খুররম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান, সংবর্ধনা কমিটির সমস্য সচিব ফকরুল মজিদ খোকন প্রমুখ।
এই গণসংবর্ধনায় এলাকার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর-১ (সদর) আসনে টানা চার বারের এই সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাকে।
মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শহরে প্রবেশ
দুপুরে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শেরপুর শহরে প্রবেশ করেন আতিক।
ঢাকা থেকে এসে সকাল ১১টার দিকে প্রথমে গ্রামের বাড়ি বারোঘরিয়া গ্রামে যান এবং প্রয়াত বাবা-মার কবর জিয়ারত শেষে দুপুর ১২টারদিকে সার্কিট হাউজের উদ্দেশে রওনা হন। রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষের শুভেচ্ছা নিয়ে সার্কিট হাউজে পৌঁছেন বেলা ২টার দিকে ।
শতাধিক তোরণ নির্মাণ
তার আগমন উপলক্ষ্যে শেরপুর সদরে প্রবেশপথের সীমানা থেকে শুরু করে শহর পর্যন্ত বিভিন্ন রাস্তায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়। এছাড়া হুইপ আতিকের ছবি ও নেতাকর্মীদের ছবি সম্বলিত বর্ণিল ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো।
