এক মাসে খুন-গুম ৩০০ নেতা-কর্মী: খালেদা
৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে এক মাসে বিরোধী জোটের ৩০০ নেতা-কর্মীকে হত্যা অথবা গুম করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া।
বিচার বহির্ভূত হত্যা আশঙ্কাজনক পর্যায়ে: বিএনপি
কোনো কূল আমরা হারাইনি: খালেদা
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “এভাবে বিনাবিচারে হত্যা-গুম একটি সভ্য সমাজে চলতে পারে না।”
খালেদা বলেন, বিএনপি কার্যালয়ের সংগৃহীত তথ্য অনুযায়ী গত ২৬ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২৪২ জনকে হত্যা এবং ৬০ জনকে গুম করা হয়েছে।
“বাস্তব চিত্র আরো ভয়াবহ,” বলেন তিনি।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারপারসন।
গত ৫ জানুয়ারির ‘প্রহসনের’ ভোটের মাধ্যমে গঠিত ‘অবৈধ’ সরকার বিরোধী দল দমনে ‘বর্বরতা’ চালাচ্ছে বলে অভিযোগ করেন নির্বাচন বয়কটকারী খালেদা।
“সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও জনগণ কর্তৃক বর্জিত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা এক দিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের সারাদেশে লেলিয়ে দিয়েছে জনগণ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে।”
“বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক করে গুলি চালিয়ে বা নির্মম নির্যাতনে পঙ্গু করে দেয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।”
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘প্রহসনের’ নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিরোধী দলের ২৭৬ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
আটকের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৩৪ জন। গ্রেপ্তার করা হয়েছে ২৯ হাজার ২৬২ জনকে। ঢাকা মহানগরীতে একমাসে গুমের সংখ্যা ২১ জন।
গুলশানের ওয়েস্টিন হোটেলে ওই সংবাদ সম্মেলনে হত্যা-গুমের জেলাভিত্তিক একটি পরিসংখ্যানও দেন খালেদা।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক নেতা-কর্মীদের নির্যাতনের কাজে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তা বন্ধ করতে সরকারকে হুঁশিয়ারও করেন তিনি।
“জবরদস্তি বেআইনি শাসনের বিরুদ্ধে জনগণ বেশিদিন নীরব থাকবে না। আমরাও নিশ্চেষ্ট বসে থাকব না। সরকারকে বলব, হত্যা, গুম, উৎপীড়ন ও বিরোধী দল নির্মূলের এই রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ করুন।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দেয়ার দাবিও জানান বিএনপি চেয়ারপারসন। নির্বাচনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে এজন্য সরকারকেই দায়ী করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মাহমুদুল হাসান, হারুন আল রশীদ, শাহজাহান ওমর, খোন্দকার মাহবুব হোসেন, ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, আবদুল আউয়াল মিন্টু, ফজলুর রহমান পটল, আবদুল মান্নান, উকিল আবদুস সাত্তার, মোশাররফ হোসেন, শামসুজ্জামান দুদু, মুশফিকুর রহমান, আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, জহুরুল ইসলাম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন, হায়দার আলী, আহমেদ আজম খান, আব্দুল কাইয়ুম, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, নজরুল ইসলাম মঞ্জু, আবদুস সালাম, শিরিন সুলতানা, মারুফ কামাল খান।
১৯ দলীয় জোটের মধ্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য মসিউল আলম, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির আবদুল মোবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, পিপলস লীগের গরীবে নেওয়াজ, এলডিপির রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মুস্তফা ভুঁইয়া,জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম,ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহও ছিলেন।
