২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনকে গ্রেপ্তারে পরোয়ানা

সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রামের প্রভাবশালী নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 03:43 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের এই মামলায় সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান এ পরোয়ানা জারি করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি  ও সাবেক মেয়র মহিউদ্দিন গড়হাজির থাকায় আদালতের এই আদেশ হয় বলে দুদকের পিপি মাহমুদুল হক জানিয়েছেন।

মহিউদ্দিনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে। এরপর তার আবেদনে মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ এসেছিল।

ওই স্থগিতাদেশ উঠে যাওয়ার পর আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে পিপি মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আসামির করণীয়  কী - জানতে চাইলে তিনি বলেন, মহিউদ্দিন যে কোনো দিন আদালতে আত্মসর্মপণ করতে পারেন।

এ বিষয়ে জানতে মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরোয়ানার বিষয়ে জানি না। আপনার কাছ থেকেই শুনলাম।”

এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত আগামী ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।

২০০৭ সালের ২ ডিসেম্বর করা এই মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার সমপরিমাণ সম্পদের তথ্য গোপন এবং অবৈধ উপায়ে ১ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৯৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০০৮ সালের নভেম্বরে দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন খান আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ৫ ফেব্রুয়ারি একমাত্র আসামি মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

আইনজীবী মাহমুদুল  বলেন, ২০০৯ সালের ২০ মে উচ্চ আদালত মামলায় স্থগিতাদেশ দেয়। এর আগে নয়জন এ মামলায় সাক্ষ্য দেন। ২০১৩ সালের ৪ এপ্রিল স্থগিতাদেশ উঠে গেলে আবার মামলার বিচার কাজ শুরু হয়।

শুনানির “নির্ধারিত দিন সোমবার আদালতে চারজন সাক্ষী সাক্ষ্য দেন।