২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের বল বিএনপির হাতে’

তত্ত্বাবধায়ক নয়, সর্বদলীয় সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 08:05 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের বল এখন একান্তই বিএনপির হাতে। তাই এখন তাদেরই উদ্যোগ নিতে হবে।

বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ তাকে সংবর্ধনা প্রদান করে।

আবার নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, “বিএনপিকে সংলাপের অফার দেয়া হয়েছে। এখন তারা সাড়া দিলেই হয়। সমঝোতায় তাদেরই আসা দরকার।”

তারা যে বিরাট ভুল করেছেন, সেটা মানতে হবে। তাদের সুষ্ঠু ব্যবস্থা ও সুষ্ঠু রাজনীতির পথে আসতে হবে, বলেন মুহিত।

আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে জানিয়ে মুহিত বলেন, সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবেই।

সম্পদ ধ্বংস করা থেকে সবাইকে বিরত থাকার আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যারা দেশের সম্পদ ধ্বংস করবে তাদের শায়েস্তা করতে হবে।

এ প্রসঙ্গে সহিংসতা বন্ধ করায় তিনি বিএনপি চেয়ারপার্সনের মঙ্গল কামনা করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।