২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশে হাতাহাতি

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ চলাকালে মঞ্চের পাশে বসা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

ভোটের পর সোমবার বিকালে বিএনপির প্রথম সমাবেশে দলের সহযোগী সংগঠন ছাত্রদলের দুপক্ষ বিবাদে লিপ্ত হলে শীর্ষনেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শাহবাগ থানার ছাত্রদলকর্মী মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, মঞ্চের একপাশে শাহবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয়। কিন্তু মিরপুরের ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে বসতে চাইলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা তা মীমাংসা করে দেন।”

দুপক্ষের মধ্যে এই বিবাদের সময় একদল নেতাকর্মীর হাতে লাঠি ও ইটের টুকরো দেখা যায়। কেউ কেউ চেয়ার তুলে ছুড়ে মারতেও উদ্যত হন। এঘটনায় মঞ্চসহ পুরো সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতারা এসে তাদের থামান।

ঘটনার ঘন্টাখানেক পরেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঘটনাস্থলের পাশ দিয়েই মঞ্চে উঠেন।