সাংসদ স্বপন ও ওহাবকে দল থেকে বহিষ্কারের সুপারিশ
দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় যশোরের নবনির্বাচিত সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও সাবেক হুইপ আব্দুল ওহাবকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার অনুষ্ঠিত জেলা কমিটির এক বর্ধিত সভায় ওই দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পর সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দলের জেলা শাখার কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য এবং অভয়নগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করায় মনিরামপুর পৌরসভার সাবেক মেয়র আমজাদ হোসেন লাভলুসহ উপজেলার আট নেতাকে বহিষ্কারের প্রস্তাব করা হয়েছে।
তবে যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম দলের কোনো পদে না থাকায় তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
গত ৫ জানুয়ারির নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে যশোর-২ আসনে রফিকুল ইসলাম, যশোর-৪ আসনে সদ্য সাবেক হুইপ আব্দুল ওহাব ও যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য ভোট যুদ্ধে নামেন।
এছাড়া অভয়নগরে মালোপাড়া এবং মনিরামপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনা প্রতিরোধে ব্যর্থতার দায়ে যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে প্রত্যাহার চেয়েছে জেলা আওয়ামী লীগ।
জহুরুল ইসলাম বলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে যশোর থেকে প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে জেলা আওয়ামী লীগ প্রস্তাব পাঠাচ্ছে।
তিনি বলেন, “এসপির গাফিলতির কারণে যশোরের অভয়নগরের মালোপাড়া এবং মনিরামপুরের ঋষিপল্লীতে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিতে বলা হলেও এসপি ব্যর্থ হন। এজন্য তাকে প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে অনুরোধ করার জন্য বর্ধিত সভায় রেজুলেশন করা হয়েছে।”
মালোপাড়ায় হামলায় জামায়াতকর্মীরা, উস্কানি ওহাবের
