২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবের রিমান্ড স্থগিতের মেয়াদ বাড়ল

বার কাউন্সিলের সহ-সভাপতি ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের  রিমান্ড স্থগিতের আদেশের মেয়াদ দুই মাস বাড়িয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

এর আগে গত ৯ জানুয়ারি একই বেঞ্চ সাত দিনের জন্য রিমান্ড স্থগিত করে আদেশ দেয়।

ওই স্থগিতাদেশের শেষ দিন মেয়াদ বাড়ানোর আবেদন করেন খন্দকার মাহবুবের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

গত ৭ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে রমনা পুলিশের উপকমিশনারের কার্যালয়ে বোমা ছোড়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খন্দকার মাহবুবের আইনজীবীরা সেদিন তার পেশাগত পরিচয় তুলে ধরে জামিনের আবেদন করলেও আদালত তাতে সাড়া দেয়নি।

পুলিশের অভিযোগ, বিভিন্ন আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নাশকতায় উস্কানি দিয়েছেন এই বিএনপি নেতা।

বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের। ওই লক্ষ্যেই পুলিশ উপকমিশনারের কার্যালয়ে বোমা ছোড়া হয় বলে পুলিশের অভিযোগ।