দলের ভাষ্য জানাতে আসছেন খালেদা
বিরোধী দলহীন নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠনের পর দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকাল ৪টায় গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন হবে বলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং এ সম্পর্কে ১৮ দলীয় জোটের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বর্জনের মধ্য গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনের বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন সামনে রেখে সর্বশেষ গত ২৪ ডিসেম্বর গুলশানে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। ওই দিন নির্বাচন রুখতে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি দিয়েছিলেন তিনি।
ওই কর্মসূচি ঘোষণার পর থেকেই খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সাক্ষাতেও আরোপ করা হয় কড়াকড়ি।
নির্বাচন ঠেকাতে বিরোধী দলের হরতাল-অবরোধে সহিংসতায় হতাহতের বিভিন্ন মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়।
৫ জানুয়ারি ভোটের পর কয়েকদিন অবরোধ চালিয়ে গেলেও সোমবার থেকে তা স্থগিত করে ১৮ দল। এরপরই জোট নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি প্রধান।
