টুকু-বাবু-জুয়েল ফের রিমান্ডে
পৃথক মামলায় জাতীয়বাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ও বর্তমান সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
ঢাকার পৃথক দুই মহানগর হাকিম আলমগীর কবীর রাজ ও মাহবুবুর রহমান সোমবার তাদের রিমান্ডের আদেশ দেন।
এর মধ্যে রমনা ও মতিঝিল থানার চার মামলায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাবু ও জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড দিয়েছে আদালত।
একই আদেশে ঢাকা উত্তরের (ছাত্রদল) সভাপতি শরিফউদ্দিন জুয়েলেকেও আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আর মতিঝিল থানার দুই মামলায় টুকুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড আবেদন বাতিল চাওয়া হলে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক।
আসামিদের পরিকল্পনায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেয়ার ঘটনা ঘটেছে বলে রমনা থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
আর গত বছরের ৫ মে হেফাজতের মহাসমাবেশের দিন আসামিদের পরিকল্পনায় মতিঝিল এলাকায় পুলিশের কর্তৃব্যকাজে বাধা, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেয়ার ঘটনা ঘটেছে বলে মতিঝিল থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়।
