যোগাযোগে থাকতে চান কাদের
নতুন সরকারে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে চান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানিয়েছেন, প্রধান বিরোধীদল জাতীয় পার্টির চার থেকে পাঁচজন সদস্য নতুন মন্ত্রিসভায়ও থাকছেন।
রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, কাকে কোন মন্ত্রণালয় দেবেন। তবে আমি যেখানে আছি সেখানে কিছু কিছু ড্রিম প্রজেক্ট বাস্তবায়নে অতৃপ্তি আছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে থাকলে কাজটা কনটিনিউ করতে পারব।”
জাতীয় পার্টি মন্ত্রিসভায় এলে বিতর্কের সৃষ্টি হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, “জাতীয় পার্টি যদি আমার কাছে ওপিনিয়ন চায়, তাহলে বলব গণতন্ত্রের জন্য শক্তিশালী একটি বিরোধীদল দরকার, সরকারে থেকে সরকারের সমালোচনা তো করা যাবে না। প্রধানমন্ত্রী যদি তাদের একমোডেট করে তাহলে আমার কিছু বলার নেই।”
জাতীয় পার্টির কতোজন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “জাতীয় পার্টি শপথ নিচ্ছে, চার-পাঁচজনের মতো রয়েছে।”
নতুন মন্ত্রিসভায় কতোজন নতুন মন্ত্রী আসছে জানতে চাইলে কাদের বলেন, “আসলে যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের ফোন করে জানানো হয়। যারা শপথ নেবেন তাদের এভাবেই ডাকা হয়।”
আগামী সরকারের মূল উদ্দেশ্য কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, পথটা পুষ্প বিছানো হবে তেমন মনে করা ঠিক হবে না। আমাদের নেক্সট ফোকাস হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা।”
আওয়মী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “তুলনামূলকভাবে ভাল মন্ত্রিসভা হচ্ছে, মোটামুটি একটি ক্লিন মন্ত্রিসভা হয়েছে, এখানে বিতর্কিত লোকজন নেই বললেই চলে।”
