কারাগারে ফিরেছেন রিজভী
বিএনপি’র আটক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালের প্রিজন সেল থেকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
হাসপাতালের কক্ষটির পরিবেশ নিয়ে অভিযোগ করে রিজভী কারাগারে ফেরার আবেদন করেছেন বলে বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ডেন্ট ফোরকান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর তাকে বেলা ৩টার দিকে কারাগারে আনা হয়।
ফাইল ছবি
কারাগারে অসুস্থ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আনা হয়।
রিজভী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, সেলের যে কক্ষটিতে তাকে রাখা হয় তা ‘স্যাতসেঁতে’ ছিল। তাছাড়া ওই কক্ষে তিনি একাই ছিলেন। আর এ কারণে চিকিৎসকদের কাছে কারাগারে ফেরার আবেদন করেন তিনি।
কারা কর্মকর্তা জানান, চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কারাগারে আনা হয়। অন্য কোন কারণে নয়।
গত ৩০ নভেম্বর অবরোধের আগ মুহুর্তে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।
