২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ শক্তিশালী বিরোধীদল চায়: সুরঞ্জিত

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জনগণ এখন এমন একটি বিরোধী দল চায় যারা সরকারের ভালো কাজে সহযোগিতা করবে এবং জনবিরোধী কাজে বিরোধিতা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এক সভায় এই প্রবীণ রাজনীতিবিদ এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, “আপনাদের সংসদে গিয়ে প্রমাণ করতে হবে রাজপথের বিরোধী দলের চেয়ে সংসদের বিরোধী দল বেশী শক্তিশালী।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আর প্রধান বিরোধী দলীয় নেত্রী নন মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বলে সরকার এখনো আপনার পর্যাপ্ত নিরাপত্তা দেবে।”

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “স্বেচ্ছাবন্দিত্ব থেকে বেরিয়ে রাজনীতির মাঠে নামুন।”

সভায় রাজনৈতিক কর্মসূচির নামে সম্প্রতি ১৮ দলের ডাকা হরতাল অবরোধে মানুষ পুড়িয়ে মারা, গাড়ি ভাংচুর, পশুর গাড়িতে আগুন দেয়াসহ নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। 

তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে যে সহিংস ঘটনা ঘটছে তা রাজনীতির জন্য লজ্জাজনক।”

সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের নেতা চিত্তরঞ্জন দাস, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।