বি. চৌধুরীর পাঁচ সুপারিশ
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা রোধে পাঁচ দফা সুপারিশ তুলে ধরে অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে বিকল্পধারা।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহমর্মীতা ও দুঃখ প্রকাশ করে সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও বর্বর হামলার ঘটনা ঘটেছে।
“এই তীব্র শীতের মধ্যে তাদের বাড়ি-ঘর,কাপড়-চোপড়সহ আশ্রয়ের সম্বলসমূহ পুড়িয়ে দেয়ার ঘটনায় আমি মর্মাহত এবং স্তম্ভিত হয়েছি। এই অত্যাচারিত মানবগোষ্ঠীর প্রতি আমার উদ্বেগ,সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করছি।”
বিকল্প ধারা প্রস্তাবিত সুপারিশগুলো হলো- অবিলম্বে উপদ্রুত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তি দিয়ে তাকেও উপদ্রুত এলাকাসমূহ সফর করার সুযোগ দেয়া, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ,প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে সুপারিশমালা প্রণয়ন।
এছাড়া অবিলম্বে উপদ্রুত অঞ্চলের প্রতিটি ইউনিয়নে ৩/৪টি (প্রয়োজনে আরো বেশি) পুলিশ ফাঁড়ি স্থাপন এবং অন্তত আরো এক মাস সেনা ও বিজিবি টহল বহাল রাখার সুপারিশ করে বিকল্প ধারা।
বিবৃতিতে বদরুদ্দোজা বলেন, “এই অত্যাচারিত মানুষগুলির একজনও যেন দেশত্যাগ না করে, সেই ব্যাপারে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
