২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের নামে ইশতেহার দিলেন আনিসুল

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের নেতাদের বিপরীতমুখী বক্তব্যের মধ্যে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন দলের সভাপতিমণ্ডলির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 01:31 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

তার দাবি, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এই ইশতেহারের ‘প্রতিটি শব্দ দিয়েছেন’। আর চেয়ারম্যানের স্ত্রী ও দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ তাকে এই ইশতেহার ঘোষণার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় পার্টির ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম ও নাসিম ওসমানসহ বেশ কয়েকজন নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়।

চেয়ারম্যান-মহাসচিব থাকার পরও আনিসুল ইসলামকে কেন ইশতেহার দিতে হচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, “চেয়ারম্যান সিএমএইচে আছেন, রওশন এরশাদ স্বাস্থ্যগত কারণে আসতে পারেননি। মহাসচিব নির্বাচন নিয়ে ব্যস্ত, তাই আসেননি।”

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে রয়েছে এবং দলের বোর্ড থেকে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পাওয়া প্রার্থীরা সবাই লাঙল প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন।

সব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার পর গত ৩ ডিসেম্বর এরশাদ এক আকস্মিক ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এরপর নানা নাটকীয়তার মধ্যে তাকে র‌্যাবের পাহারায় ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। জাতীয় পার্টি নির্বাচনে আছে কি-না তা নিয়ে চলে দুই রকম কথা।

এরশাদের ভাই দলের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব রুহুর আমি হাওলাদার দলের নির্বাচন বর্জনের কথা বললেও রওশনের নেতৃত্বে পার্টির একটি অংশ ঠিকই নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যান।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রাহী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন কী না- এমন প্রশ্নে আনিসুল ইসলাম বলেন, “বিদ্রোহী প্রার্থী হলে লাঙ্গল প্রতীক আমরা পেতাম না।”

ইশতেহারের বিষয়টি এরশাদ জানেন কি না- এ প্রশ্নে আনিসুলের উত্তর- “আমি যেটা পড়েছি এর প্রতিটি শব্দ উনার দেয়া।”

এরপরও সাংবাদিকেরা জানতে চান- ইশতেহার পড়ার দায়িত্ব কে দিল?

আনিসুল ইসলাম বলেন, “রওশন এরশাদ। কারণ দলের চেয়ারম্যান রওশন এরশাদকেই দল পরিচালনার দ্বায়িত্ব দিয়েছেন।”

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যের দাবি, তাদের দলের কোনো বিভক্তি নেই। রুহুল আমীন হাওলাদার ও জিএম কাদেরও নির্বাচনে আছেন।

“রুহুল আমীন হাওয়ালাদার পটুয়াখালী-১ থেকে নির্বাচন করছেন। উনি কখন কি বলেছেন সেটা বড় কথা নয়, উনি এখন নির্বাচন করছেন।”

এরশাদ নির্বাচনের আগেই হাসপাতাল থেকে ফিরবেন কি না জানতে চাইলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম বলেন, “সুস্থ হলেই ফিরবেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে আমার কথা হয়েছে। উনি ৩ ডিসেম্বর নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। কারণ জাতীয় পার্টির নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। এখন তার শঙ্কা কেটে গেছে।”

বর্তমান মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির কেউ পদত্যাগ করেননি জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মন্ত্রিসভায় আছি।”

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে আটটি প্রতিশ্রুতি ও অঙ্গীকার এসেছে, যার শুরুতেই রয়েছে ‘ইসলামী মূল্যবোধ সমুন্নত করা’।

সংবিধান সংশোধন করে ‘আল্লাহ এর ওপর অবিচল ও পূর্ণ আস্থা রাখা’ পুন:স্থাপন করা হবে বলেও অঙ্গীকার করা হয়েছে এই ইশতেহারে।

এছাড়া গ্রামীণ ব্যাংকের পরিচালনা ও কর্মপদ্ধতি আগের অবস্থায় ফিরিয়ে নেয়া, আটটি প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার ব্যবস্থার প্রবর্তন এবং মাদক ব্যবহার রোধে সেনাবাহিনীকে আইনগত ক্ষমতা দেয়ার অঙ্গীকার রয়েছে ইশতেহারে।

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মোট ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

বিটিভিতে ভাষণ দেবেন না জাপার কেউ