২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না’

বিএনপি নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ‘বাঁচানোর চেষ্টায়’ আন্দোলন করছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সেই চেষ্টা সফল হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 03:44 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে নিজের নির্বাচনী এলাকায় এক পথসভায় তিনি বলেন,  “উনি চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে। স্পষ্ট করে বলতে চাই, তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।”

যুদ্ধাপরাধীদের ‘বাঁচানোর চেষ্টা’, ‘মানুষ হত্যা’, মানুষ ‘পুড়িয়ে মারা’ ও ‘গাছ কাটা’ বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “একটা মামলার রায় বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোরও হবে।”

রংপুরের পীরগঞ্জে ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভায় নিজের নির্বাচনী আসনের ভোটারদের কাছে ভোট চান তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের এই আসনে প্রার্থী হয়েছি। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।”

বিএনপি-জামায়াত জোট দেশের স্বাধীনতা চায়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “তারা গরিবের কল্যাণ চায় না। তার লুটপাট বোমা হামলায় ব্যস্ত। গরিবের পেটে লাথি মারতে দিনের পর দিন হরতাল অবরোধ দিচ্ছেন।”

বিরোধী দলীয় নেতা গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, “গরিব বাঁচুক তা তারা চায় না। গরিবের পেটে তারা লাথি মারছে, তাদের কাজ করে খেতে দিচ্ছে না। এটা বন্ধ করতে হবে।”

মানুষ শান্তি ও উন্নতি চায় মন্তব্য করে তিনি বলেন, এটা নিশ্চিত করাই আওয়ামী লীগের উদ্দেশ্য।

ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে সরাসরি তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। তার আগে জাহাঙ্গীরাবাদ ও বড় দরগায় দুটি পথসভা করার কথা থাকলেও দেরি হয়ে যাওয়ায় সেগুলো হয়নি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, “কুয়াশার কারণে আমি দুটি পথসভা করতে পারিনি। তবে জয়কে পাঠিয়ে দেব। সে ওখানে জনসভা করবে। আমি কথা দিচ্ছি, নির্বাচনের পরে এসে আমি এই এলাকায় জনসভা করব।”

দীর্ঘ বক্তৃতায় শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মাকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং দরিদ্র মানুষের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা মনে করিয়ে দেন।

রংপুর-৬ আসনের প্রার্থী  হাসিনা ভোটারদের উদ্দেশে বলেন, “সারা দেশে মঙ্গা শব্দটা আর থাকবে না। রংপুরে মঙ্গা ছিল, দুর্ভিক্ষ হতো। মানুষ মনে করতো- দুর্ভিক্ষ হবেই এবং তাতে মানুষ মরবে। গত পাঁচ বছরে মঙ্গা দেখা দেয় নাই, দুর্ভিক্ষ হয় নাই। এ দেশে মঙ্গা থাকবে না।”

যাদের ঘর নেই, তাদের অন্তত একটি করে টিনের ঘর তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া এবং প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অবশ্যই বাস্তবায়ন করা হলে বলেও তিনি অঙ্গীকার করেন।

স্থানীয় আ. লীগ নেতারা পীরগঞ্জের জয়ন্তপুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানালে তিনি তা করে দেয়ার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ইতিহাসে ৫ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ মিয়ার সভাপতিত্ব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরীও এই সভায় বক্তব্য দেন।

পথসভা শেষ করে শেখ হাসিনা বিকাল পৌনে ৩টায় পীরগঞ্জের ফতেহপুরে তার শ্বশুরবাড়িতে যান এবং স্বামী ওয়াজেদ মিয়া ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন।

বিকালে ‘জয় সদন’ নামে ওই বাড়ির সামনেই এক কর্মীসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার।