২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযত হন: খালেদাকে দীপু মনি

সেনাবাহিনী সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 01:01 AM

Updated : 23 Aug 2022, 07:34 PM

বিডিআর সদর দপ্তরে সেনাসদস্যদের হত্যাকাণ্ড সম্পর্কে খালেদা জিয়া রোববার যে বক্তব্য রেখেছেন, তার প্রতিবাদ জানিয়ে সোমবার আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় সেনাবাহিনী আমাদের গর্বের ধন। অথচ এই সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন কথাবার্তা বলে বিএনপি নেতৃবৃন্দ প্রায়শই জাতীয় সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।

“নির্বাচনে সেনাবাহিনীকে কাজে লাগানোর জন্য বিএনপি নেতৃবৃন্দই এক সময় চিৎকার করতেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে দীপু মনি আরো বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে যে অশ্রাব্য, অশোভন, অশালীন কটাক্ষপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও হিংসা-বিদ্বেষপ্রসূত যে বক্তব্য তিনি রেখেছেন, তাতে গোটা জাতি স্তম্ভিত।

““আমরা মনে করি, গণতন্ত্র ও তার অনুশীলনে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল অথবা কোনো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির পক্ষে এ বক্তব্য একান্তই বেমানান। আমরা এ হেন অসদাচরণের তীব্র নিন্দা জানাই।”

খালেদা জিয়াকে ভবিষ্যতে তার বক্তব্যে সংযত হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেত্রী।

৫ তারিখের নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, দেশে সাংবিধানিক ব্যবস্থাকে বিপন্ন করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

“আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতাকে নস্যাৎ করে দেশবাসী যে কোনো মূল্যে দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করবে।”

বিরোধী জোটের ঢাকা অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের তৎপরতায় রাজধানীর বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়ে দীপু মনি বলেন, ““জনগণের জানমালের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।”